
(৬ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ২:২২ অপরাহ্ন
দেশ, জাতি ও শরীয়াহর প্রাধান্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দিয়েছে। দলটি এককভাবে ২৫৮টি সংসদীয় আসনে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছে এবং কোনো আসনেই প্রার্থী প্রত্যাহারের প্রশ্ন নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রচারণার শুরু থেকেই নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে সক্রিয় রয়েছে। মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে উল্লেখ করে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যন্ত ২৫৮ আসনেই নির্বাচনে থাকবো। কোনো দল বা ব্যক্তিকে সমর্থন দেওয়ার কোনো প্রশ্নই আসে না।
তিনি স্পষ্টভাবে জানান, কোনো আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বসে যাবে না। এ বিষয়ে ছড়ানো সব ধরনের অপপ্রচার থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের আগমুহূর্তে একটি কুচক্রিমহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। যারা এসব অপপ্রচার ছড়াচ্ছে তারা মিথ্যুক বলে মন্তব্য করে তিনি তাদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, কোনো ধরনের অপপ্রচারে কান না দিতে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮ আসনের প্রতিটিতেই শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাবে, ইনশাআল্লাহ।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামীকাল সকালে জিকিরের সঙ্গে দলে দলে ভোটকেন্দ্রে এসে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।