
(৬ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৫:৫৮ অপরাহ্ন
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নে এ সংঘর্ষ হয়। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, আহতদের মধ্যে জামায়াতের ৬ জন এবং বিএনপির ৪ জন নেতাকর্মী রয়েছেন।
বাগেরহাট-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম জামায়াতের ছয়জন নেতাকর্মী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি।
অপরদিকে বিএনপি প্রার্থী বাবু সোমনাথ দে-র সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শরণখোলা উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির অভিযোগ করে বলেন, বিএনপি সমর্থকরা তাদের ছয়জন নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করেছে। তিনি আরও দাবি করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে জামায়াতের কর্মীদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় তৎপর রয়েছে।