
(৬ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৬:০০ অপরাহ্ন
“সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আমার খুব ভালো লাগে বাবা। এই ভালোবাসা থেকেই অসুস্থ শরীর নিয়েও নাতির সঙ্গে ভোট দিতে চলে এসেছি। জীবনের শেষ সময়ে তার দলের পক্ষে একটা ভোট দিলাম। কতদিন বাঁচবো জানি না, তবে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে দেখে মরতে চাই।
উপরের কথাগুলো বলছিলেন ৯০ ঊর্ধ্ব বয়সী মনোয়ারা বেগম। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া গ্রামের বাসিন্দা ও মৃত সুবেদ আলীর স্ত্রী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
সরেজমিনে দেখা যায়, নাতির সঙ্গে অটোরিকশাযোগে ভোটকেন্দ্রে আসেন বয়োবৃদ্ধ মনোয়ারা বেগম। নিরাপত্তা কর্মীরা তাকে সহযোগিতা করে কেন্দ্রে প্রবেশ করান। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
তার নাতি সুমন বলেন,
“সকাল থেকেই দাদি ভোট দিতে যাওয়ার কথা বলছিলেন। অসুস্থ শরীর নিয়ে যেতে প্রথমে রাজি ছিলাম না। কিন্তু তার আগ্রহের কাছে আমাদের হার মানতে হয়েছে। পরে অটোরিকশায় করে কেন্দ্রে নিয়ে আসি। আমাদের পরিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির প্রতি আনুগত্যশীল। দাদিও তার পছন্দের দলকে ভোট দিয়েছেন।
জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রিজওয়ানুল হক বলেন,
“ভোটের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকেই বয়োবৃদ্ধ এই নারী নাতির সহায়তায় কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। তিনি নিজের ভোট নিজেই দিয়েছেন—এটা ভোটার সচেতনতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”