banglahour

আন্তর্জাতিক মানদণ্ডে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: সিইসি; ফল ঘোষণায় অনিয়মের অভিযোগ জামায়াতের

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ২:৫০ অপরাহ্ন

আন্তর্জাতিক যে কোনো মানদণ্ডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার শুরুতে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। টানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ শেষে বিকেলে শুরু হয় গণনা কার্যক্রম। নির্বাচন কমিশনের তথ্যমতে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

রাত ১০টার দিকে নির্বাচন কমিশন ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা শুরু হয়। মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে ফলাফল কেন্দ্রে পৌঁছাতে থাকে। ভোরের আগে পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ফজরের নামাজের বিরতি পর্যন্ত ১৫২টি আসনের ফলাফল ঘোষণা করা হয় বলে জানানো হয়েছে।

ফলাফল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেন, “কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের পরিবেশ অত্যন্ত ভালো ছিল। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।” তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

তবে ফলাফল ঘোষণায় অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের ভোর ৪টার দিকে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেন, যেভাবে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হচ্ছে তা “ফ্যাসিবাদের আরেকটি রূপ”। তিনি ফলাফল প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দুই শতাধিক আসনে জয়ী হয়ে ১১ দলীয় জোটকে পেছনে ফেলে সরকার গঠনের দৌড়ে এগিয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারি ফলাফলের ভিত্তিতে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।

চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন থেকে ধাপে ধাপে বাকি আসনগুলোর ফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাজনৈতিক দলগুলোর অভিযোগ-প্রত্যাশার মধ্যেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরির আভাস মিলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল