
(৬ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৬:৪৯ অপরাহ্ন
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব জাকির হোসেন বাবলু পবিত্র জুম’আর নামাজের পূর্বে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম’আর আগে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে আন্তরিক পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়। এ সময় অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ নবনির্বাচিত এমপিকে মিষ্টিমুখ করান। সৌহার্দ্যপূর্ণ এ মুহূর্তে উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা পারস্পরিক সম্মান ও সম্প্রীতির এই চিত্রকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক সম্মানবোধ ও মানবিক সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত এমপির এই সৌজন্য সাক্ষাৎ সেই ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিফলন।
সংশ্লিষ্টরা জানান, মুক্তাগাছার উন্নয়ন ও জনকল্যাণে দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার মানসিকতাই সময়ের দাবি। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে নির্বাচনী মাঠে, তবে ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি অটুট থাকাই কাম্য।
সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবু রেজা ফজলুল হক বাবলু, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম খান রতন এবং সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম শহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এমন সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এ প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।