
(৬ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৬:৫৪ অপরাহ্ন
সিলেট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) নির্বাচনে জয়লাভের পর দক্ষিণ সুরমার আহমদপুর দক্ষিণ জামে মসজিদে জুম’আর নামাজ আদায় করে তাঁর বাবা-মা, দাদা-নানা, নানি ও মামার কবর জিয়ারত করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম’আর নামাজ শেষে তিনি পারিবারিক কবরস্থানে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় এম এ মালিক বলেন, আহমদপুরের এই মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বরং তাঁর পরিবার ও পূর্বপুরুষদের সঙ্গে গভীর আত্মিক সম্পর্কের স্থান। তিনি জানান, তাঁর মায়ের ইচ্ছা ছিল মৃত্যুর পর তাঁকে দেশে এনে বাবার কবরের পাশে দাফন করার; তবে তৎকালীন সরকারের কারণে তিনি সেই ইচ্ছা পূরণ করতে পারেননি—যা তাঁর জীবনের এক আক্ষেপ হয়ে রয়েছে।
তিনি বলেন, মানুষের সেবা করার নিয়ত নিয়েই তাঁর রাজনৈতিক পথচলা শুরু। সিলেটবাসীর দোয়া ও সহযোগিতায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নবনির্বাচিত এমপি আরও বলেন, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ—এই তিনটি উপজেলাকে সমন্বিতভাবে উন্নয়নের পথে এগিয়ে নিতে তিনি কাজ করবেন এবং জনগণের যেকোনো সমস্যা সমাধানে পাশে থাকার অঙ্গীকার করেন।