
(৮ মাস আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৩:৩৮ অপরাহ্ন
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে রাজনৈতিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়লের সঙ্গে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মাওলানা শফিকুল ইসলাম মোড়লের বাড়িতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর খোঁজখবর নেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।
এ সময় পরাজিত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল নির্বাচিত এমপি অ্যাডভোকেট জালাল উদ্দীনকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। পুরো পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক।
উভয় নেতা কটিয়াদী ও পাকুন্দিয়ার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ ঘটনাটি এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে বলে জানা গেছে।