
(২ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন
প্রকৃতির দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। কোকিলের কণ্ঠে আগমনী সুর, গাছে গাছে পলাশ-শিমুলের আগুনরাঙা ছটা সব মিলিয়ে আজ পহেলা ফাল্গুন। ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আনুষ্ঠানিক আগমন। শীতের জরা-জীর্ণতা পেছনে ফেলে নতুন প্রত্যয়ে, নতুন রঙে সেজেছে প্রকৃতি ও মানুষ।
রাজধানী থেকে গ্রামবাংলা সবখানেই বসন্ত বরণে চলছে নানা আয়োজন। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হলুদ-বাসন্তি পোশাকে সেজে তরুণ-তরুণীরা বেরিয়ে পড়েন উৎসবে অংশ নিতে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আবৃত্তি, গান, নৃত্য পরিবেশনা ও পথনাটকে মুখর হয়ে ওঠে নগর ও জনপদ। কবির ভাষায়, “ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত” এই চিরন্তন উচ্চারণ যেন নতুন করে প্রাণ পায়।
গ্রামাঞ্চলে বসন্তকে ঘিরে বসে মেলা, সার্কাস ও নানা লোকজ আয়োজন। হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী, বাঙালি ঐতিহ্যের পিঠা-পুলি—সব মিলিয়ে উৎসব পায় পূর্ণতা। শীতের সঙ্গে তুলনা টেনে চলে পিঠা উৎসবও, যেখানে খেজুরের গুড় আর নতুন চালের ঘ্রাণে মুখর হয় আঙিনা।
ভালোবাসার মানুষেরা এদিন মন রাঙান বাসন্তি রঙে। অনেকেই ফুলের ডালা হাতে প্রিয়জনকে শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও বসন্তের শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে টাইমলাইন। বিভেদ ও কুসংস্কার পেছনে ফেলে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার বার্তাই দেয় বসন্তের এই আগমন।
শীত বিদায় নেয় রিক্ত হস্তে, আর বসন্ত আসে ফুলের সাজে। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে তরুণ হৃদয়েও লাগে দোলা। ঋতুরাজকে স্বাগত জানাতে তাই আজ সর্বত্র বর্ণিল সাজ, আনন্দ আর উচ্ছ্বাসে মেতে উঠেছে আবাল-বৃদ্ধ-বনিতা।