
(৮ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৬:২৭ অপরাহ্ন
কুমিল্লার লালমাই উপজেলায় রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মহি উদ্দিন (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম রেলপথের লালমাই উপজেলার বাগমারা দুধবাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহি উদ্দিন পাশ্ববর্তী বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহি উদ্দিন অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান। সেখানে তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে একটি সেলফি তোলেন এবং সেটি ‘ইসলামি শান্তি’ নামের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, শুভ সকাল।’
এর কিছুক্ষণ পর নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি ওই লাইন দিয়ে অতিক্রম করার সময় তিনি সরে যাওয়ার আগেই ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।