
(৫ মাস আগে) ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৮:২০ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট–৪ আসন (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মঙ্গলবার শপথ গ্রহণকে সামনে রেখে এক বিবৃতিতে তিনি বলেন, “সিলেট–৪ আসনের মাটি ও মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের আত্মার সম্পর্ক। এই অঞ্চলের মানুষের আবেগ, অধিকার ও উন্নয়নের লড়াইয়ে আমি অঙ্গীকারবদ্ধ। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের সাধারণ মানুষ আমাকে যেভাবে আপন করে নিয়েছেন, তার জন্য আমি তাদের কাছে ঋণী।
এলাকার মানুষের উদ্দেশে বিশেষ বার্তায় তিনি আরও বলেন, সিলেটের পর্যটন ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় এলাকা। এখানকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, “এই বিজয় শুধু দলের নয়, পুরো সিলেট বিভাগের জনগণের বিজয়। গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে জনগণ যে রায় দিয়েছেন, তা আমাদের জন্য গর্বের পাশাপাশি বড় দায়িত্ব। ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যেই দৃশ্যমান উন্নয়নের চিত্র দেখতে পাবেন।”