
(৮ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ১০:৩০ অপরাহ্ন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের মিশন একটাই মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে আমাদের টিমওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-এ নিজের প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।
মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের সবাই আন্তরিকতার সঙ্গে একসঙ্গে কাজ করলে আমরা সফল হব। কাজ করার ক্ষেত্রে আমাদের যে গাইডলাইন আছে এবং দলের যে ইশতেহার রয়েছে, সেটিকে সামনে রেখেই আমাদের এগোতে হবে।তিনি আরও জানান, বিগত এক বছরে কাজের কী কী ঘাটতি ছিল তা পর্যালোচনা করে আগামী ১০০ দিনের জন্য একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।কাজের ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, আপনারা দীর্ঘদিন কাজ করছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। আমরা রুলস অব বিজনেস বা কার্যবিধিমালার বাইরে যাব না। একই সঙ্গে তিনি স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রয়োজনীয় বিষয়গুলো কর্মকর্তাদের পরিষ্কারভাবে জানাতে হবে।
আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ সতর্কবার্তাও দেন মন্ত্রী। তিনি বলেন, রমজানের শেষে ঈদের সময় শ্রমঘন শিল্প বা কলকারখানায় যেন কোনো ধরনের শ্রম অসন্তোষ সৃষ্টি না হয়, সে বিষয়ে আগেভাগেই তৎপর থাকতে হবে। উদ্ভূত যে কোনো পরিস্থিতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেন তিনি। সভায় নবযোগদানকৃত প্রতিমন্ত্রী মো. নুরুল হক প্রথম তিন মাসের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা ‘ওয়ার্ক প্ল্যান’ তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, প্রথম তিন মাসে আমরা কী কী কাজ করেছি তা মানুষকে জানাতে পারার মতো পরিকল্পনা থাকতে হবে। প্রতিমন্ত্রী আরও জানান, সাবেক উপদেষ্টার দেওয়া বিভিন্ন পরামর্শ বিবেচনায় নেওয়া হবে। বিশেষ করে ঈদের সময় সম্ভাব্য শ্রম আন্দোলনের বিষয়টি মাথায় রেখে আগাম সমাধানের পথ খুঁজে বের করার ওপর জোর দেন তিনি। পরিচিতি সভায় মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।