
(৩ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ১০:৪১ অপরাহ্ন
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া-এর একটি সিসা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন শ্রমিক নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির প্লাটো রাজ্য-এর বাশার জেলার কাম্পানিন জুরাক খনিতে এ দুর্ঘটনা ঘটে।ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্লাটো রাজ্যের গভর্নর আলহাজি আলিয়ু আদামু ইদ্রিস জানান, গ্যাস বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত প্রায় ২৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাশের একটি খনিতে কর্মরত শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি এএফপিকে জানান, নিহতরা সবাই খনির ভেতরে মাটির নিচের গর্তে কাজ করছিলেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বিস্ফোরণটি ঘটে।
টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা খনিটির কাছেই ছিলাম। শ্রমিকরা গর্তের ভেতরে কাজ করছিলেন। হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে।এদিকে, এএফপির হাতে পাওয়া একটি গোপনীয় নিরাপত্তা প্রতিবেদনে শ্রমিকদের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ‘কার্বন মনোক্সাইড বিষক্রিয়া’র কথা উল্লেখ করা হয়েছে।প্লাটো রাজ্য ঐতিহাসিকভাবে একটি খনি অঞ্চল হিসেবে পরিচিত। এর রাজধানী জোস ‘টিন সিটি’ নামেও পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেখানে খনি কার্যক্রম অনেকটাই ধীর হয়ে গেছে।উল্লেখ্য, নাইজেরিয়ায় এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে ভারী বৃষ্টিপাতের সময় একটি অবৈধ খনিতে পাথর ধসে কমপক্ষে ১৮ জন নিহত হন।