
(৮ মাস আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১৭ পূর্বাহ্ন
বরিশালের হিজলা উপজেলার লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীর একটি ডুবোচর ঘিরে অবৈধভাবে ঘের জাল স্থাপন করে মাছ নিধনের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, প্রায় দুই হাজার খুঁটি ও দুটি ট্রলার জব্দ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অসাধু জেলে দীর্ঘদিন ধরে ডুবোচর ঘের দিয়ে কৌশলে মাছ আটকে নিধন করে আসছিল। এতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নির্বিচারে ধ্বংস হচ্ছিল এবং নদীর প্রাকৃতিক প্রজনন ব্যাহত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সমীর কুমার বসাকের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ-পুলিশের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানে তিন জেলেকে আটক করা হয়।হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হেলাল উদ্দিন বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।তিনি আরও জানান, জব্দকৃত অবৈধ জাল ও খুঁটি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং জব্দ করা ট্রলার নিলামে বিক্রি করা হবে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।