
(৮ মাস আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৭:৪০ অপরাহ্ন
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের জনগণ ভোটের মাধ্যমে যে রায় দিয়েছেন, সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে সম্মান দিয়েছেন, তা আমার একার নয় — এটি আমার নির্বাচনী এলাকার জনগণ ও সমগ্র সিলেটবাসীর উপহার।
সিলেটে প্রথম সফরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেট-৪ আসনের সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। মানুষের আশা-প্রত্যাশা পূরণে আমরা দায়বদ্ধ। হিংসা-বিদ্বেষ পরিহার করে সবাইকে সাথে নিয়ে সুন্দর পরিবেশ, সমাজ ও দেশ গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, “জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষ যে আস্থা রেখেছেন, আমি তাদের কাছে ঋণী। এখন থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে আমার নির্বাচনী এলাকা ও দেশের জন্য কাজ করতে চাই। এজন্য সবার দোয়া কামনা করছি।”
এর আগে মন্ত্রী নিজ বাসভবনে গিয়ে মায়ের ও শাশুড়ির কদমবুসি করেন এবং পারিবারিক সংবর্ধনায় অংশ নেন। এসময় পরিবারের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনায় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, অ্যাডভোকেট কামাল হোসেন, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক স্টেলিং তারিয়াং, জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবরসহ স্থানীয় নেতৃবৃন্দ।