banglahour

হোমনায় মা-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যা : প্রবাসী স্বামীর মামলা

সারাদেশ | মো. সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৫ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:৩৮ পূর্বাহ্ন

কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে মা-ছেলেসহ একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সৌদি প্রবাসী মো. জহিরুল ইসলাম দেশে ফিরে তিনদিন পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হোমনা থানায় মামলাটি করেন।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে যেকোনো সময় জয়নুদ্দিন মুন্সীর বাড়িতে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহতরা হলেন— জহিরুল ইসলামের স্ত্রী মোসাম্মৎ সুকিয়া বেগম (৪০), তাদের চার বছর বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন এবং পাঁচ বছর বয়সী ভাতিজা মোহাম্মদ জোবায়ের।


ঘটনার পরদিন সকালে বাড়ির সদস্যরা ঘরের দরজার ছিটকানি বাইরে থেকে আটকানো দেখতে পান। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা খুলে তিনটি পৃথক কক্ষে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় জানাজা সম্পন্ন করে মনিপুর শাহী ঈদগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।


একই পরিবারের তিন সদস্যের নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের স্বামী জহিরুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত জানান, এখনো সুস্পষ্ট কোনো সূত্র পাওয়া যায়নি, রহস্য উদ্ঘাটনে কাজ চলছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরি বলেন, “ঘটনার বিভিন্ন দিক গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয়।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল