
(৫ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ২:৩৮ অপরাহ্ন
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর জাওলার বাজার এলাকায় ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লেবু মণ্ডল ও ময়নুল ইসলাম। তাদের বাড়ি পলাশবাড়ি উপজেলার বেতকাপাই ইউনিয়নে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর ঢাকা থেকে নাসিমা ও তার স্বামী নিজ বাড়ি সাদুল্লাপুরে ফিরছিলেন। খোর্দ্দ কোমরপুরের মাদারহাট ব্রিজ এলাকায় পৌঁছালে তিন যুবক তাদের পথরোধ করে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্বামী-স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ধাওয়া দেয়।
পরে দুই যুবক জাওলার বাজার এলাকায় আশ্রয় নিলে লোকজন তাদের ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাদুল্লাপুর থানায় নিয়ে যায়।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে তারা নিহত হয়েছেন। নিহত লেবু মণ্ডলের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।