
(৮ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৪:০০ অপরাহ্ন
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, “সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কেউ উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করলে তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। আমরা দায়িত্বপালনে শতভাগ চেষ্টা করব।
ধর্মমন্ত্রী শুক্রবার সকালে কুমিল্লার মুরাদনগরে তার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম কুমিল্লা সফর, যেখানে তিনি সংসদীয় এলাকার নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষ যেন কোনো কষ্ট না পায়, সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমি নিশ্চিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।
হজ্বের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবাই মিলে কাজ করে যাব যাতে মানুষ সকল সুবিধা ভোগ করতে পারে। আল্লাহর রহমতে তারা অতীতের তুলনায় আরও ভালো সুযোগ সুবিধা পাচ্ছে—এটিই আমাদের লক্ষ্য।”