banglahour

জামায়াত কর্মীদের বাড়ি-দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ, আহত ৩

সারাদেশ | ফরিদপুর, প্রতিনিধি।

(২ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৪:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫১ অপরাহ্ন

ফরিদপুরে জামায়াত কর্মীদের বাড়ি ও দোকানে হামলা, মারপিট ও ভাঙচুরের ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের দেখতে ও ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
শনিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেওয়ার পর শহরতলীর বাখুন্ডা এলাকায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও দোকান পরিদর্শন করেন তারা।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর-৩ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব বিএনপি মনোনীত ও ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য।


প্রফেসর আবদুত তাওয়াব প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরিদর্শনকালে জেলা জামায়াতের আমীর মাওলানা মো. বদরউদ্দিন, সেক্রেটারি প্রফেসর আব্দুল ওহাব, কোতোয়ালি থানা আমীর মো. জসীম উদ্দিন, ফরিদপুর পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম শামীমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


জামায়াত নেতাদের অভিযোগ, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে তারাবি নামাজ শেষে বাখুন্ডা রেলস্টেশন সংলগ্ন এলাকায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়। গেরদা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন বলেন, গেরদা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিলন মেম্বারের নেতৃত্বে হামলা হয়। এতে কয়েকটি দোকান ও তার বাড়িসহ কর্মী সজিবের বাড়িতে ভাঙচুর করা হয়।


ভাঙচুরের সময় জানালার কাচ ভেঙে সজিবের ঘুমন্ত সন্তানের বাম কানে আঘাত লাগে। এছাড়া হামলাকারীরা আলমগীর হোসেনের ভাই আজিজুলকে ধাওয়া করে পাশের ফসলের ক্ষেতে ফেলে মারধর করলে তার মাথায় গুরুতর জখম হয়। আলমগীর হোসেনকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত আজিজুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার সময় ট্রিপল নাইন নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আলমগীর হোসেন।


তবে ইউপি সদস্য রাসেদ খান মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। গণ্ডগোলের খবর পেয়ে জনপ্রতিনিধি হিসেবে পরিস্থিতি সামাল দিতে সেখানে গিয়েছিলাম।” তিনি দাবি করেন, ওই স্থানে দোকানে চা খাওয়ার সময় জুয়েল নামের একজনের ওপর জামায়াত কর্মীরা আক্রমণ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। আহত জুয়েলও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল