banglahour

উত্তরায় চেতনানাশক মিশ্রিত পানি খাইয়ে গৃহকর্ত্রী হত্যা, গৃহকর্মী গ্রেফতার

অপরাধ | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১:১০ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় চেতনানাশক মিশ্রিত পানি খাইয়ে আয়েশা আক্তার নামের এক গৃহকর্ত্রীকে হত্যার অভিযোগে গৃহকর্মী বিলকিসকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার সকালে পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেন, ঘটনার দুই দিন আগে বিলকিস ওই বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োগ পান। প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে আয়েশা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে পান করানো হয়।

পিবিআই জানায়, পানীয় গ্রহণের পর তারা অচেতন হয়ে পড়লে বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যান বিলকিস। গুরুতর অসুস্থ অবস্থায় আয়েশা আক্তারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্বামী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ছেলে বাদী হয়ে উত্তরা পশ্চিম থানা-য় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তদন্তে নেমে প্রযুক্তিগত সহায়তায় গাজীপুরে অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পিবিআই সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় পূর্বে পাঁচটি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পিবিআই।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল