
(৮ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৪:৪০ অপরাহ্ন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে সুফল মিলেছিল, তা প্রমাণিত। পরবর্তীতে খালগুলো ভরাট ও নাব্যতা হারানোর কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছাবে, ফলে কৃষি উৎপাদন বাড়বে।
রবিবার বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “আমরা কোনো দলীয় সরকার বা দলীয় রাষ্ট্র গঠন করবো না; আমরা জনগণের সরকার গড়তে চাই।” তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের জন্য কাজ করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
তিনি বলেন, শিল্পায়নের কারণে বনায়ন ও সবুজায়ন কমে যাচ্ছে, যার প্রভাব জলবায়ু ও পরিবেশের ওপর পড়ছে। এ কারণে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “তারেক রহমানকে ১৭ বছর দেশের বাইরে রাখা হয়েছিল। দেশে ফেরার মাত্র ৫৭ দিনের মধ্যে জনগণ তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। তিনি ক্ষমতায় আসার আগে যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন, আমরা এখন তা বাস্তবায়নে কাজ শুরু করেছি।
বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। বক্তব্য রাখেন বরিশাল বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি, প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, সহকারী প্রকৌশলী এসএম আতাই রাব্বি এবং উপসহকারী প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।
একইদিন গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের জন্য ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।