banglahour

স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

সারাদেশ | সিনিয়র স্টাফ রিপোর্টার, বরিশাল।

(৮ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৪:৪২ অপরাহ্ন

বরিশালের উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইউসুফের বিরুদ্ধে মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন নির্যাতনের শিকার দাবি করা একাধিক পরিবার ও এলাকাবাসী।


রবিবার বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সৈয়দ ইউসুফ দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েছেন এবং নিরীহ মানুষকে হয়রানি করছেন।


তাদের দাবি, কারণে-অকারণে প্রতিবেশী ও স্থানীয়দের রাজনৈতিক মামলায় আসামি করে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বক্তারা অভিযুক্ত নেতার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।


মানববন্ধনে সৈয়দ ইউসুফের চাচাতো ভাই সৈয়দ নান্টুও বক্তব্য দেন। তিনিও নিজেকে ভুক্তভোগী দাবি করে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ইউসুফ বলেন, “আমার বিরুদ্ধে যে মানববন্ধন করা হয়েছে, তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। আওয়ামী লীগের লোকজন এতে অংশ নিয়েছেন। নির্বাচনের সময় তারা আমাদের সঙ্গে থাকলেও ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায়। এখন তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল