banglahour

চুয়াডাঙ্গায় বেকারীতে মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহারের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৮ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৪:৫২ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় একটি বেকারিতে খাদ্যপণ্য উৎপাদনে ব্যবহৃত ডালডাতে মরা ইঁদুর পাওয়া, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং বিভিন্ন অনিয়মের দায়ে মৌসুমী ও অনন্যা ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারীদের মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।


রবিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সদর উপজেলার দৌলাতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত তদারকি অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ ও আদায় করে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, শহরতলীর দৌলাতদিয়াড় এলাকায় অবস্থিত মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্ট কারখানায় তদারকির সময় বেকারিতে খাদ্যপণ্য উৎপাদনে ব্যবহৃত ডালডাতে মরা ইঁদুর, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং আগেভাগে উৎপাদিত পণ্যে ২২ ফেব্রুয়ারির তারিখ সংযোজনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইদুর রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।


এদিকে, তদারকির সময় শহরের রেলবাজার এলাকায় অবস্থিত অনন্যা ফুড প্রোডাক্টে মেয়াদোত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুন প্যাকেটে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইদুল ইসলামকে একই আইনের ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে অনিয়ম সংশোধন করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।


এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন হোটেল, সেমাই ও মসলা উৎপাদনকারী কারখানায় তদারকি করা হয়। এসময় মানসম্মত পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য বাজারজাত না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল