
(৬ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৯ পূর্বাহ্ন
বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই আসনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ ছেড়ে দেওয়ায় এখানে উপ-নির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। উপ-নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকো-এর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান-এর নাম আলোচনায় শোনা যাচ্ছে। দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া-৬ আসন। ফলে এখানে কাকে মনোনয়ন দেওয়া হবে, সেটিকে শুধু একটি উপ-নির্বাচনের সিদ্ধান্ত হিসেবে নয়; বরং সরকারের রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। সম্ভাব্য প্রার্থীর তালিকায় আরও রয়েছেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। পাশাপাশি জিয়া পরিবারের অন্য সদস্যদের নামও ঘুরপাক খাচ্ছে দলীয় অঙ্গনে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় এক নেতা বলেন, বগুড়া-৬ শুধু একটি আসন নয়, এটি দলের ঐতিহ্যের অংশ। এখানে এমন কাউকে দিতে হবে, যিনি সরকারের প্রতিনিধিত্বও করতে পারবেন। তৃণমূল চায়, এবার স্থানীয় পরীক্ষিত কাউকে মনোনয়ন দেওয়া হোক। আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তাদের মধ্য থেকেই প্রার্থী আসা উচিত। এ বিষয়ে রেজাউল করিম বাদশা বলেন, দলের নীতিগত সিদ্ধান্তের অংশ হিসেবেই চেয়ারম্যান আসনটি ছেড়ে দিয়েছেন। এখানে ব্যক্তিগত অনুভূতির কোনো বিষয় নেই। দল যাকে মনোনয়ন দেবে, তিনিই উপ-নির্বাচনে প্রার্থী হবেন। চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র থেকেই জানানো হবে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার অপেক্ষায় এখন বগুড়া-৬ আসনের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।