banglahour

বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার

সারাদেশ | মফিজুল ইসলাম রুবেল, বাঞ্ছারামপুর প্রতিনিধি।

(২ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৮:৪৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে মোহাম্মদ আলী (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার থানা ঘাট সংলগ্ন তিতাস নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ আলী উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয়রা তিতাস নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রলারযোগে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে পরনের কাপড় দেখে মরদেহটি শনাক্ত করেন।


পরিবারের সদস্যরা জানান, মোহাম্মদ আলী গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।


নিহতের পিতা নজরুল মিয়া বলেন, “আমার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিল। তিন দিন ধরে তাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ নদীতে লাশ ভাসছে শুনে এসে দেখি সেটি আমার ছেলে। তার কোনো শত্রু ছিল না।


নিহতের মা আলেখা জানান, “কয়েকদিন ধরে কুমিল্লায় নিয়ে তার চিকিৎসা করাচ্ছিলাম। সে মানসিকভাবে অসুস্থ ছিল। কীভাবে নদীতে গেল, আমরা জানি না। মানুষের কাছ থেকে খবর পেয়ে এবং ফেসবুকে ছবি দেখে এসে ছেলের মরদেহ শনাক্ত করি।


নিহতের চাচাও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসে মরদেহ শনাক্ত করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, “৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা এসে এটি শনাক্ত করেছেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল