
(৮ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ১১:৪২ পূর্বাহ্ন
ঢাকার ধামরাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় দুই ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান। গ্রেপ্তারকৃত আসামি ইসপাহান (৪৫)-কে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুল্লা ইউনিয়নের বড়চন্দ্রাইল মৌজার আরএস ৪০৮৬ নম্বর খতিয়ানভুক্ত ১৩৪১ ও ১৩৪২ দাগের ৯ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমিটির ক্রয়সূত্রে মালিক ও দখলদার দাবি করেন মো. বাবুল হোসেন। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ দেলোয়ার, শহিদুল, ইসপাহান ও বাচ্চু মিয়াসহ কয়েকজন ওই জমি দখলের চেষ্টা করে আসছিলেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে বাবুল হোসেন তার জমি পরিদর্শনে গেলে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা লাঠি, লোহার রড, দা ও ধারালো অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে সেখানে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা তাকে গালিগালাজ করে এবং বাধা দিলে এলোপাতাড়ি মারধর শুরু করে।
বাদীর চিৎকারে তার বড় ভাই রফিকুল ইসলাম (৬৫), ছেলে মো. সেলিম (৩২) ও ভাতিজা রাসেল (৩৪) এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, শহিদুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে রফিকুল ইসলামের মাথায় কোপ দেন। বাচ্চু মিয়া লোহার পাইপ দিয়ে সেলিমের মাথায় আঘাত করতে গেলে তা তার ডান কাঁধে লাগে এবং হাড় ভেঙে যায়। অন্য আসামিরা লাঠি ও রড দিয়ে মারধর করে বাবুল হোসেন ও তার ভাতিজাকে আহত করে।
এছাড়া বাচ্চু মিয়া বাদীর পাঞ্জাবির পকেটে থাকা নগদ ১ লাখ ২ হাজার টাকা নিয়ে নেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জমির মালিক বাবুল হোসেন বলেন, “বাচ্চু মিয়া তার দলবল নিয়ে আমার ওপর হামলা করে। আমার ভাই ও ছেলেকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। এর আগেও আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
তবে এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ওসি নাজমুল হুদা খান বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”