
(৮ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৪:৩৬ অপরাহ্ন
২০০৯ সালে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন করে একটি তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার। সোমবার ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মন্ত্রী বলেন, এটার জন্য আরেকটা তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি। আমাদের ইশতেহারেও এই প্রতিশ্রুতি আছে। আমরা বিডিআর বিদ্রোহের ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত করবো অথবা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবো। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর গণহারে দায়ের হওয়া হয়রানিমূলক মামলাগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। “অনেক ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিকে মামলায় আসামি করে ভোগান্তিতে ফেলা হয়েছে। এসব মামলা যাচাই করে অযথা হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি।আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সরকারের প্রথম অগ্রাধিকার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ‘মব কালচার’ বরদাশত করা হবে না। “মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের সময় শেষ। বৈধ উপায়ে স্মারকলিপি, মিছিল-সমাবেশ বা আদালতের দ্বারস্থ হতে হবে,” বলেন তিনি।
বৈঠকে পুলিশ সুপারদের রাজনৈতিক কারণে বিধির বাইরে কোনো ব্যক্তিকে প্রোটোকল না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ২৭০১টি শূন্য পদে কনস্টেবল নিয়োগ এবং অতীতে নিয়োগপ্রাপ্তদের নাম-ঠিকানা জালিয়াতি হয়েছে কি না তা তদন্তের নির্দেশ দেওয়া হয়।
নির্বাচনের আগে লটারির মাধ্যমে ওসিদের বদলি প্রক্রিয়াকে স্বচ্ছ ছিল না উল্লেখ করে যোগ্যতা ও দক্ষতা বিবেচনায় নতুন করে বদলির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।পাসপোর্ট অফিসে ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে নিবন্ধিত সহায়তাকারী ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপ বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, তবে তাদের কাজে কেউ বাধা দিতে পারবে না, বলেন তিনি।এছাড়া বিগত সরকারের সময় দেওয়া অস্ত্রের লাইসেন্স পুনরায় যাচাই-বাছাই করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।