
(৮ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৪:৪৮ অপরাহ্ন
রাজবাড়ীতে জাহিদ ফকীর হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার যুবকের নাম মো. শিখন (২৫)। সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। শিখন রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুর রাজ্জাক।
সোমবার দুপুরে র্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় মধুখালী থানার মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিখনকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে পাওনা টাকার বিরোধের জেরে রাজবাড়ীর ভিপি ফরিদ সড়কের কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় আসামি রাতুল (২৮) ও তার সহযোগীরা স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকীর (২৭)-কে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এর আগে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামি রাতুলকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।