
(৮ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৪ অপরাহ্ন
নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে কর্মপন্থা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ১৮০ দিনের মধ্যে বাস্তবায়নযোগ্য কর্মপন্থা নির্ধারণে আজ (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
শ্রম ও কর্মসংস্থান সচিব ড. মো. সানোয়ার জাহান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ইশতেহার বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়সীমা অনুযায়ী অগ্রগতি প্রতিবেদন প্রতি সপ্তাহে উপস্থাপন করতে হবে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে কার্যক্রমের ফলোআপ নিশ্চিত করতে হবে।
কর্মশালায় ১৮০ দিনের মধ্যে বাস্তবায়নযোগ্য ২২টি দফা উপস্থাপন করা হয়।
আইন ও নীতিমালা সংস্কার
বাংলাদেশ শ্রম অধ্যাদেশ, ২০২৫-কে আইনে রূপান্তরের সময়সীমা নির্ধারণ: ৩১ মার্চ ২০২৬
শ্রম বিধিমালা প্রণয়ন এবং শিশুশ্রম ও জবরদস্তিমূলক শ্রম বন্ধে আইন প্রণয়ন: ৩০ জুন ২০২৬
National Social Dialogue Forum-এর কার্যক্রম চালু: ৩০ জুন ২০২৬
জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর লক্ষ্যে কর্মসংস্থান অধিদপ্তর গঠন: ৩০ আগস্ট ২০২৬
কর্মসংস্থান ও জরিপ কার্যক্রম
জাতীয় কর্মসংস্থান কৌশলপত্র প্রণয়ন ও সংশ্লিষ্ট কমিটি গঠন: ৩০ জুন ২০২৬
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহযোগিতায় হালনাগাদ কর্মসংস্থান জরিপ সম্পন্ন: ৩০ জুলাই ২০২৬
নিয়োগ কার্যক্রম
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ১২২ জন কর্মচারীর নিয়োগ সম্পন্ন: ৩১ মার্চ ২০২৬
মন্ত্রণালয়ের ১৩–২০ গ্রেডে ২৭ জনের নিয়োগ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শূন্য পদে নিয়োগ: ১৫ এপ্রিল ২০২৬
শ্রম অধিদপ্তরের ৬৯টি শূন্য পদ পূরণ: ১৫ মে ২০২৬
নিম্নতম মজুরি বোর্ডের ২টি শূন্য পদ পূরণ: ১৫ মে ২০২৬
ন্যূনতম মজুরি ও শ্রমিক কল্যাণ
৬৫টি অপ্রাতিষ্ঠানিক খাতের মধ্য থেকে উপযুক্ত খাত নির্ধারণ: ৩০ মে ২০২৬
হোটেল ও রেস্টুরেন্ট খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়ন: ৩০ জুন ২০২৬
ট্যানারি, হোটেল ও আয়রন ফাউন্ড্রি খাতে ন্যূনতম মজুরি ঘোষণা: ৩০ জুন ২০২৬
ডিজিটাল পদ্ধতিতে ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ: ১৫ জুলাই ২০২৬
পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে এডিআর ব্যবস্থা চালু: ৩০ জুন ২০২৬
নারী শ্রমিক সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা
কালুরঘাট ও নারায়ণগঞ্জে কর্মজীবী মহিলা হোস্টেল চালু: ৩০ জুন ২০২৬
আরএমজি সেক্টরের শতভাগ কারখানায় Anti-Harassment Committee গঠন: ৩০ জুন ২০২৬
ন্যূনতম ৩০০টি কোম্পানিকে WPPF-এর আওতায় আনা: ৩০ জুন ২০২৬
শ্রমিকদের আর্থিক সহায়তা কার্যক্রম (কেন্দ্রীয় তহবিল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন): ৩১ আগস্ট ২০২৬
৪ মাস মাতৃত্বকালীন ছুটি পরবর্তী ২ মাস ছুটিবিহীন ভাতা প্রদানের ব্যবস্থা: ৩০ জুন ২০২৬
কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।