
(২ মাস আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১২:৩৩ অপরাহ্ন
বাগেরহাট জেনারেল হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মীদের বেতন পাইয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মহিতুর রহমানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। কর্মীদের দাবি, বকেয়া বেতন দ্রুত দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা নেওয়া হয়েছে। এছাড়া বেতন দেওয়ার সময় জনপ্রতি ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত কেটে রাখা হতো বলেও অভিযোগ করেন তারা।
হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আউটসোর্সিং কর্মীরা সম্প্রতি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
জানা গেছে, বাগেরহাট জেনারেল হাসপাতালে বর্তমানে ৯৪ জন আউটসোর্সিং কর্মী কর্মরত রয়েছেন। এর মধ্যে পূর্বের নিয়োগপ্রাপ্ত ৬৬ জন এবং নতুন নিয়োগপ্রাপ্ত ২৮ জন। অভিযোগ রয়েছে, পূর্বের নিয়োগপ্রাপ্ত ৬৬ জন কর্মীর ২০২৫ সালের জুন মাস থেকে বেতন বন্ধ রয়েছে। প্রতিমাসে তাদের বেতন ১৬ হাজার ৫০০ টাকা হলেও গত আট মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না।
আউটসোর্সিং কর্মী আকলিমা বেগম বলেন, “আট মাস ধরে বেতন নেই। বাসা ভাড়া, বাজার—সবকিছু বন্ধ হওয়ার উপক্রম। ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে।
আরেক কর্মী বর্ণা বলেন, “আমরা গরিব মানুষ। ছোট কাজ করি। বেতন না পেলে কীভাবে চলব? আগে বেতন দিলে ৫০০ থেকে ১ হাজার টাকা করে কেটে নেওয়া হতো।
আউটসোর্সিং কর্মীদের সাধারণ সম্পাদক মো. আলামিন বলেন, “আমরা খুব খারাপ অবস্থায় দিন পার করছি। দীর্ঘদিন বেতন পাচ্ছি না। দ্রুত বেতন করিয়ে দেওয়ার কথা বলে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মহিতুর রহমান বিভিন্ন সময়ে আমাদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা নেন। কিন্তু এখন পর্যন্ত বেতন পাইনি।”
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মহিতুর রহমান বলেন, “আমার বিরুদ্ধে তোলা অভিযোগ সঠিক নয়। নিয়ম অনুযায়ী সব কাজ হচ্ছে।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ জানান, “আউটসোর্সিং কর্মীদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।