
(৫ মাস আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৪:১৩ অপরাহ্ন
পবিত্র ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ইউনিভার্সেল ফ্যামিলি কার্ড’। আগামী ১০ মার্চ এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রিসভা কমিটির সুপারিশের ভিত্তিতে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার প্রতিটিতে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে এই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে।এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এ সুবিধার আওতায় আসবেন। কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য থাকবে না বলেও জানান তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম চলবে। এরপর ধাপে ধাপে প্রতিটি উপজেলায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। প্রথমে একটি ওয়ার্ড, পরে একটি ইউনিয়ন এবং পর্যায়ক্রমে সারা দেশে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে।সরকার আশা করছে, এই উদ্যোগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা জোরদার করতে সহায়ক হবে।