banglahour

ব্যক্তি নিয়মেই চলেন পিআইও, ঠাকুরগাঁও প্রশাসন নির্বিকার!

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো, ঠাকুরগাঁও প্রতিনিধি।

(২ মাস আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৪:৩৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূরুন্নবী সরকারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, স্থানীয় এক ইউপি চেয়ারম্যান ও সদস্যকে ‘সাড়ে তিন হাত মাটির নিচে পুঁতে ফেলার’ হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার এমন আচরণে এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে পিআইও নূরুন্নবী সরকার কর্তৃক ইউপি সদস্য আক্কাশ আলীকে প্রাণনাশের হুমকি ও লাঞ্ছিত করার প্রতিবাদে উপজেলার সকল ইউপি সদস্যদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযুক্ত কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবি জানান।


জানা গেছে, নূরুন্নবী সরকার ২০২৫ সালের ডিসেম্বর মাসে রাণীশংকৈল উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে আসছেন বলে অভিযোগ রয়েছে। তার এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।


চলতি বছরের ৫ ফেব্রুয়ারি শীতবস্ত্র বিতরণে অনিয়ম, খারাপ আচরণ, অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপান ও দুর্নীতির অভিযোগে স্থানীয়রা মানববন্ধন করেন। সেই মানববন্ধনের সংবাদ প্রকাশ এবং ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রয়কৃত সিসি ক্যামেরার ব্যয় জানতে চাওয়ার জেরে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন পিআইও নূরুন্নবী সরকার। এছাড়া জেলা পরিষদের ডাকবাংলোয় অবস্থানকালে ভাড়ার টাকা চাওয়ায় কেয়ারটেকার বেলাল উদ্দীনকেও মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ।
সাংবাদিক আব্দুল জব্বার বলেন, “আমি পিআইওর কাছে যাইনি, অথচ আমাকে মামলার আসামি করা হয়েছে। উপজেলা চত্বরে সিসিটিভি ফুটেজ দেখলেই বিষয়টি স্পষ্ট হবে।


বিভিন্ন সূত্রে জানা গেছে, অতীতেও কর্মস্থলে থাকাকালে নূরুন্নবী সরকারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২০ সালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং লঘুদণ্ড হিসেবে বেতন কমানো হয়। এছাড়া ২০১৫ সালের পর থেকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাদাবির অভিযোগে দুদকসহ একাধিক মামলা হয় তার বিরুদ্ধে।


২০১৯ সালের জুন ক্লোজিংয়ের সময় হিসাবরক্ষণ কর্মকর্তাকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক কোটি টাকার বিলে স্বাক্ষর নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ওই সময় দেশব্যাপী দুর্নীতিবিরোধী অভিযানের প্রেক্ষাপটে বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তাকে সন্দ্বীপে বদলি করা হয়। বদলি ঠেকাতে উচ্চ আদালতে গেলেও সফল হননি বলে জানা গেছে। সর্বশেষ ১৬ সেপ্টেম্বর রংপুরের আমলি আদালতে ১২ জন গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মানহানির মামলা করেন তিনি।


ইউপি সদস্য আক্কাশ আলী অভিযোগ করে বলেন, “বরাদ্দের কাজ চলমান ছিল। পিআইও আমার কাছে উৎকোচ দাবি করেন। আমি অস্বীকৃতি জানালে আমাকে সাড়ে তিন হাত মাটির নিচে পুঁতে ফেলার হুমকি দেন।
তবে এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরুন্নবী সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল-বারী জানান, পিআইওর দায়ের করা চাঁদাবাজি ও মানহানির অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করা হয়েছে এবং আদালতের নির্দেশে তদন্ত চলছে। তবে ইউপি সদস্যের অভিযোগ এখনো এফআইআর হিসেবে নেওয়া হয়নি।


রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, “অভিযোগ পেলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইরশাত ফারজানা বলেন, “সরকারি কর্মচারীদের চাকরিবিধি মেনে চলতে হয়। যদি কেউ বিধিভঙ্গ করে থাকেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, স্থানীয়দের প্রশ্ন—বারবার অভিযোগ ওঠার পরও কেন প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না?

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল