
(৮ মাস আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ১০:১৪ পূর্বাহ্ন
ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত Organization of Islamic Cooperation (ওআইসি)-এর নির্বাহী বৈঠকের ফাঁকে একাধিক গুরুত্বপূর্ণ দেশের প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান। বৈঠকগুলোতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. এলখেরেইজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন ওহানেস ভার্তান আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদু এনজিয়ে-এর সঙ্গে। গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবারের নির্বাহী বৈঠকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিদলগুলোর নেতারা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপুল বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ও ত্বরান্বিত উন্নয়ন অর্জন করবে। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল অবস্থানেরও প্রশংসা করেন তারা। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় পূর্ণ সমর্থন জানান।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত বছর প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর বৈঠকের কথা স্মরণ করেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশ সফর করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে আগ্রহী। নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বহুমাত্রিক খাতে সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় তুরস্কের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। উভয় পক্ষ রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-কে রমজানের পর বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন তিনি।
সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান এবং পররাষ্ট্রমন্ত্রীকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, Saudi Vision 2030 বাংলাদেশের জন্য নানা খাতে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করেছে। জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। উভয় দেশ এ সম্ভাবনা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ওআইসি সচিবালয়ের কার্যকারিতা বাড়াতে সংস্কার উদ্যোগে বাংলাদেশের সমর্থন কামনা করেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ড. খালিলুর রহমান ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ১৯৬৭-পূর্ব সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই এ সমস্যার একমাত্র সমাধান। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় আরব-ইসলামিক সমর্থনের আশ্বাস দেন।
গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদু এনজিয়ের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়েরসহ সক্রিয় ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। উভয় দেশ এ বছরের এপ্রিলে বাগদাদে অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে একটি বিশেষ আয়োজন করার বিষয়ে একমত হয়। গাম্বিয়া বাংলাদেশের ইউএনজিএ সভাপতিত্বের প্রার্থিতায় পূর্ণ সমর্থন জানায় এবং আফ্রিকান দেশগুলোর সমর্থন আদায়ে কাজ করার আশ্বাস দেয়।
বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্রসচিব অ্যাম্বাসাডর মোল্লা ফারহাদ হোসেন এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম. জে. এইচ. জাবেদ উপস্থিত ছিলেন।