banglahour

কার্বন ক্রেডিট থেকে কয়েক বিলিয়ন ডলার লাভবান হবে বাংলাদেশ: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি।

(২ মাস আগে) ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৪:৩৮ অপরাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে এবং যারা কার্বন দূষণ করছে তাদের কাছ থেকে কার্বন ক্রেডিটের মাধ্যমে কয়েক বিলিয়ন ডলার সহায়তা পাওয়া সম্ভব।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাটের মোংলা উপজেলার সাহেবেরমেঠ গ্রামে মাদুরপাল্টা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন এবং ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। সুন্দরবনসংলগ্ন পরিবেশগতভাবে সংকটাপন্ন মোংলা এলাকায় খাল পুনঃখনন কর্মসূচি স্থানীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-এর নবপল্লব প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পশুর রিভার ওয়াটার কিপার মো. নূর আলম শেখ, স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা সফরুল হায়দার সুজন, সিএনআরএস উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, মৃধা ফারুকুল ইসলাম ও রকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।


কের বাংলাদেশ-এর নেতৃত্বে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় ৬টি খালের মোট ১২ দশমিক ৫৫ কিলোমিটার পুনঃখনন করা হবে। পাশাপাশি একটি পুকুর খনন করা হবে। এতে প্রায় ২ হাজার ৫০টি পরিবার উপকৃত হবে এবং প্রায় ৩ হাজার একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে।
আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে এবং বেলুন উড়িয়ে খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল