banglahour

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশ: ২৪ ঘণ্টার মধ্যে আশকোনা মেইন রোডের জলাবদ্ধতা নিরসন

অন্যান্য | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৭:০৬ অপরাহ্ন

আশকোনা মেইন রোডের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন–এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার দুপুরে আশকোনা মেইন রোডের পানির পাম্প প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা সরেজমিন পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে নির্দেশনা দেন। পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের ভোগান্তি

এলাকাবাসীর অভিযোগ, আশকোনা মেইন রোডের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসক নিজেই রাস্তাটির বর্তমান অবস্থা পরিদর্শন করে দ্রুত সমাধানের নির্দেশ দেন।

ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান জানান, প্রশাসকের নির্দেশ অনুযায়ী ইতোমধ্যে সাকার মেশিনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীকালের মধ্যেই জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে।

স্থায়ী সমাধানের উদ্যোগ

কর্তৃপক্ষ জানায়, সাময়িক পানি নিষ্কাশনের পাশাপাশি এ সড়কে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে ড্রেন সংযোগ নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।

আশকোনা মেইন রোড পরিদর্শন শেষে প্রশাসক কসাইবাড়ি রেলগেট থেকে বটতলা ইশরাল কলোনী রোডও ঘুরে দেখেন। সড়কটির বেহাল অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করে তিনি ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানকে দ্রুত রাস্তাটি চলাচল উপযোগী করার নির্দেশ দেন। একই সঙ্গে সড়ক উন্নয়নে একটি সমন্বিত প্রকল্প গ্রহণের নির্দেশনাও প্রদান করা হয়।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিভাগগুলোকে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি দুই ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ এলাকায় জলাবদ্ধতা সমস্যার পুনরাবৃত্তি না ঘটে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল