
(১ মাস আগে) ২ মার্চ ২০২৬, সোমবার, ১০:০৭ অপরাহ্ন
জাতীয় সংসদের হুইপ পদে নিয়োগ পেয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তার এ নিয়োগে বিএনপির নেতাকর্মীসহ খুলনাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ হুইপ অধ্যাদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ সদস্যদের জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
নিয়োগপ্রাপ্ত হুইপরা হলেন— মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম বকুল (খুলনা-৩), মিয়া নুরউদ্দিন আহমেদ অপু (শরীয়তপুর-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪) এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজাম (লক্ষ্মীপুর-৪)।
খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এক প্রতিক্রিয়ায় বলেন, জনপ্রিয় নেতা রকিবুল ইসলাম বকুলকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আশা প্রকাশ করেন, খুলনার শিল্পাঞ্চল পুনরুজ্জীবিত করা এবং স্থানীয় যুব সমাজের জন্য দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বকুল।
তিনি আরও বলেন, শিল্পনগরী খুলনার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে খুলনাবাসী প্রত্যাশা করছে।