
(৮ মাস আগে) ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১:৪২ অপরাহ্ন
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন বাংলাদেশ হাইকোর্ট। একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি না—তাও জানতে চেয়েছেন আদালত। এ আদেশের ফলে গণভোট সংক্রান্ত বিষয়ে আপাতত সংসদ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।
গত বছরের ১৩ নভেম্বর রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন। পরে ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সেদিন দুটি শপথের কথা থাকলেও বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) জোটের সদস্যরা দুটি শপথই গ্রহণ করেন।
সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির এমন আদেশ জারির এখতিয়ার নেই—এই যুক্তিতে দুই আইনজীবী রিট দায়ের করেন। রিটে জুলাই সনদ ও গণভোট বাতিলের আবেদন জানানো হয়।
মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল আলম-এর বেঞ্চ শুনানি শেষে রুল জারি করেন। আদেশে জানতে চাওয়া হয়—গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অসাংবিধানিক হবে না।
রিটকারীদের আইনজীবী মাহমুন মাহবুব আদালতের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। অন্যদিকে জামায়াতের আইনজীবী শিশির মনিরের মতে, জুলাই সনদ ও গণভোট বাতিল হলে সংসদ নির্বাচন নিয়েও জটিলতা তৈরি হতে পারে। তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত আদালতের ওপর চাপিয়ে দিয়ে সরকার দ্বৈত আচরণ করছে।
চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলের চূড়ান্ত নিষ্পত্তির পর গণভোট ও জুলাই সনদের বিষয়ে পূর্ণাঙ্গ রায় দেবেন হাইকোর্ট।