
(১ মাস আগে) ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৯ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে মো. ইদ্রিস (৪৫) নামের এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নিহতের স্বজনরা ইদ্রিসের মরদেহ কলাপাড়া থানায় নিয়ে আসেন। এর আগে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারস্থ যুবদলের কার্যালয়ে এ মারধরের ঘটনা ঘটে। নিহত ইদ্রিস দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইদ্রিস ঢাকায় সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন চলাকালে তিনি জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরি ও বিভিন্ন অপকর্মের অভিযোগ এনে ফেসবুকে পোস্ট ও মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হন জহিরুল।
কয়েকদিন আগে ইদ্রিস ঢাকা থেকে বাড়িতে আসেন। গত ২৬ ফেব্রুয়ারি তিনি পাখিমারা বাজারে গেলে সেখান থেকে জহিরুল ও তার সহযোগীরা তাকে ডেকে যুবদলের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা জখম হয়।
স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যান। পরে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়। তবে সোমবার রাত ১০টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম বলেন, “ওই ব্যক্তি আমার কাছে মাফ চাইতে এসেছিল। তবে আমি বা আমার সহযোগীরা তাকে মারধর করিনি।”
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভক্সপপ:
শহীদুল গাজী (নিহতের ভগ্নিপতি)
আমেনা খাতুন (নিহতের স্ত্রী)
পারভেজ (নিহতের ছেলে)
সিংক:
রবিউল ইসলাম, ওসি, কলাপাড়া থানা