banglahour

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না”: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ মাস আগে) ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৫:২১ অপরাহ্ন

রাঙ্গামাটি, ৩ মার্চ ২০২৬: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পরিবেশ ধ্বংস করে বা পাহাড় কেটে কোনো রিসোর্ট বা পর্যটন কেন্দ্র নির্মাণ সরকার বরদাশত করবে না। তিনি বলেন, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে পর্যটন শিল্পের বিকাশ সরকার সমর্থন করে না; বরং পরিবেশবান্ধব বা ‘ইকো-ট্যুরিজম’ গড়ে তোলাই মূল লক্ষ্য।


মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতই বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার। উন্নয়নের নামে অযথা প্রকল্প গ্রহণ ও অর্থ অপচয় বরদাশত করা হবে না। প্রতিটি প্রকল্পের যথাযথ তদারকি ও পার্বত্য জেলা পরিষদের সাথে সমন্বয় নিশ্চিত করতে হবে।


সভায় কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ পাহাড়ি অঞ্চলের দুর্গমতা, পরিবহন ও শ্রমিক খরচ বৃদ্ধির বিষয়ে সমস্যা তুলে ধরেন। এছাড়া কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ উন্নয়ন, ইকো-ট্যুরিজম, শিক্ষা ও যোগাযোগ খাতের জন্য মন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়।


সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, জেলা পরিষদের কর্মকর্তা ও সদস্যরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল