banglahour

বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনে সিসিক প্রশাসক

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(৪ মাস আগে) ৪ মার্চ ২০২৬, বুধবার, ২:৪৩ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রত্যেক নাগরিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, প্রাথমিক চিকিৎসার জন্য যাতে নগরবাসীকে বিশেষজ্ঞ চিকিৎসক বা বড় হাসপাতালে ছুটতে না হয়, সে লক্ষ্যে সিটি কর্পোরেশনের আওতাধীন প্রাথমিক স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরও সেবামুখী ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার নগরীর কুমারপাড়ায় অবস্থিত সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।


এর আগে প্রশাসক নগরীর ঘাসিটুলা এলাকায় অবস্থিত নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি যেসব কেন্দ্রে জনবল সংকট রয়েছে, বিশেষ করে যেখানে চিকিৎসকের পদ শূন্য রয়েছে, সেসব পদে দ্রুত চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।


আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন ও আধুনিক একটি নগর গড়তে যেমন অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, তেমনি প্রয়োজন নাগরিকদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ নিশ্চিত করা। আমরা নগরবাসীর দোরগোড়ায় উন্নত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।


ওসমান মিয়া মার্চেন্ট হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ডা. রুমানা, ডা. তাহমিনা মালিক, ডা. মুন্নী, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ ও মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


পরিদর্শন শেষে প্রশাসক সাগরদিঘির পাড়ে শ্মশানঘাট, বিভিন্ন সড়ক, ড্রেন ও ফুটপাত ঘুরে দেখেন। এ সময় তিনি নগরবাসীকে আবর্জনা রাস্তায় বা ড্রেনে না ফেলার আহ্বান জানান এবং পরিচ্ছন্ন নগর গঠনে সবার সহযোগিতা কামনা করেন। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল