
(৮ মাস আগে) ৪ মার্চ ২০২৬, বুধবার, ৩:২৮ অপরাহ্ন
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে নৌ পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব কুসুম দেওয়ান।
আজ ৪ মার্চ ২০২৬ খ্রি. নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় তাঁর সভাপতিত্বে ‘পবিত্র রমজান ও আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে নৌপথের নিরাপত্তা ও নৌযান চলাচলের সুষ্ঠু ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নৌ পুলিশের পক্ষ থেকে নৌপথে আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা প্রতিরোধ, পরিবেশ দূষণরোধ, টিকিট কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং চাঁদাবাজি বন্ধে করণীয় বিষয়সমূহ তুলে ধরা হয়। এ সময় সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং অনলাইনে সংযুক্ত নৌ পুলিশের ১১টি অঞ্চলের পুলিশ সুপারদের সঙ্গে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা নিরাপদ নৌপথ নিশ্চিতকরণে বিভিন্ন মতামত তুলে ধরেন। নৌ পুলিশের চলমান কার্যক্রমের প্রশংসা করে তা অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি নৌ পুলিশ ইউনিটের কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পরামর্শ প্রদান করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। আসন্ন ঈদে নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নৌ পুলিশের অব্যাহত সহযোগিতা কামনা করা হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন, “পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নিরাপদ রাখতে নৌ পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।” তিনি সতর্ক করে বলেন, কোনো ডাকাত যাতে যাত্রীবেশে নৌযানে চলাচল করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে এবং জোরদার নজরদারি বজায় রাখতে হবে।
তিনি আরও নির্দেশনা দেন, নদীপথের চ্যানেলে মাছ ধরার জাল পেতে যেন নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট অঞ্চল পুলিশ সুপাররা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি নৌপথে টহল কার্যক্রম জোরদার করে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন। সভার শেষে তিনি উপস্থিত সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান এবং মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।
উক্ত সভায় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউপিসিএ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা, লঞ্চ মালিক সমিতি, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দসহ নৌ পুলিশের ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স), ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস), অতিরিক্ত ডিআইজিবৃন্দ, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) ঢাকা রেঞ্জ, নৌ পুলিশের পুলিশ সুপারবৃন্দ, সহকারী কমিশনার (ডিএমপি সদরদপ্তর) এবং নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।