
(৮ মাস আগে) ৭ মার্চ ২০২৬, শনিবার, ১০:১৬ অপরাহ্ন
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া কালি গাছ তলায় শনি পূজা চলাকালে দুর্বৃত্তদের ছোঁড়া হাতবোমা বিস্ফোরণে পুরোহিতসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী রয়েছেন। এছাড়াও আরও দুই ভক্ত আহত হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পূজামণ্ডপে উপস্থিত মানুষজন ছোটাছুটি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় ঠাকুরপাড়া কালি গাছ তলায় শনি পূজা চলছিল। এ সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত মন্দিরের দিকে হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পূজামণ্ডপে থাকা কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঠাকুরপাড়া এলাকায় শনি পূজা চলাকালে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগেও ২০২১ সালের দুর্গাপূজার সময় একই মন্দিরে হামলার ঘটনা ঘটেছিল। সে সময় ওই ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই স্থানে আবারও হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।