banglahour

দলীয় পরিচয়ে অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট

(৮ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ৬:৩৩ অপরাহ্ন

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ছিনতাইসহ নানা অপরাধের কারণে সিলেটের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। এসব ঘটনায় যদি কোনো রাজনৈতিক দলের পরিচয়ে কেউ জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি—দলীয় পরিচয়ে অপরাধ করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দলীয় প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সিলেটসহ পুরো দেশকে অপরাধমুক্ত করতে চাই। এ ক্ষেত্রে রাজনীতিবিদরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।


এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন, সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত। তার নির্বাচনি এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের অনেক মানুষ বিদেশে বসবাস করেন। প্রবাসীরা দেশে ফিরে কোনো প্রয়োজনে জেলা প্রশাসনসহ বিভিন্ন অফিস-দপ্তরে গেলে তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করা উচিত।


তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রবাসীরা অনেক সময় দেশের প্রশাসনিক প্রক্রিয়া সহজে বুঝে উঠতে পারেন না। তাই তাদের সঙ্গে ভালো ব্যবহার করে প্রয়োজনীয় সহযোগিতা ও সেবা প্রদান করতে হবে এবং তাদের কাজ যেন দ্রুত সম্পন্ন হয় সে বিষয়ে নজর রাখতে হবে।


জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল