banglahour

ফরিদপুরে জেলগেটে মালা দিয়ে আওয়ামী লীগ নেতাকে বরণ করলেন বিএনপি এমপি

সারাদেশ | ফরিদপুর প্রতিনিধি।

(৮ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ১১:২৫ অপরাহ্ন

ফরিদপুরে ১৭৫ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞা (৫৭)। রবিবার (৮ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেলগেটে তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এ সময় জেলগেটে একে অপরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা।


ম. ম. সিদ্দিক মিঞা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গড়ে ওঠা ‘ইউনিয়ন রক্ষা আন্দোলনের’ প্রধান সমন্বয়কারী ছিলেন।
এ আন্দোলনের এক পর্যায়ে গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পরদিন ১৪ সেপ্টেম্বর পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।


রবিবার কারামুক্তির পর চেয়ারম্যান সিদ্দিক মিঞা নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এদিকে ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল রবিবার বিকেলে তার ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম ভাঙ্গার ইউনিয়ন রক্ষার আন্দোলনে গ্রেপ্তারকৃত আলগী ইউনিয়নের চেয়ারম্যানসহ সবাইকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করব। আলহামদুলিল্লাহ, আজ সিদ্দিক চেয়ারম্যান মুক্ত হয়েছেন। আমি নিজে জেলগেটে উপস্থিত থেকে তাকে রিসিভ করেছি।


উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে অন্তর্ভুক্ত করা হয়। গত ৪ সেপ্টেম্বর এ বিষয়ে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলে এলাকাবাসী এর প্রতিবাদে আন্দোলনে নামেন।

আন্দোলনের এক পর্যায়ে কয়েক দফা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে ওই দুই ইউনিয়ন পুনরায় ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত হয় এবং সর্বশেষ নির্বাচনে সেখানকার ভোটাররা ফরিদপুর-৪ আসনেই ভোটাধিকার প্রয়োগ করেন। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল