banglahour

বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী জাগরণের প্রতীক: মিফতাহ্ সিদ্দিকী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট

(৭ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ১২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৭ পূর্বাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আন্তর্জাতিক নারী দিবস কেবল উদযাপনের দিন নয়, বরং নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে নতুন করে স্মরণ করার দিন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নারীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছেন, যা জাতির অগ্রযাত্রার অন্যতম শক্তি।


রোববার দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা দল আয়োজিত ‘অদম্য নারী সম্মাননা’, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না।


মিফতাহ্ সিদ্দিকী বলেন, বাংলাদেশের রাজনীতি ও সমাজে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। তার নেতৃত্বে নারীর শিক্ষা বিস্তার, কর্মসংস্থান বৃদ্ধি এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল।


অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়ন কোনো দয়া নয়; এটি একটি জাতির অগ্রগতির অপরিহার্য শর্ত। যে সমাজ নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে, সেই সমাজই প্রকৃত অর্থে উন্নত ও মানবিক হয়ে ওঠে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও সিওমেক ড্যাবের সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট উইমেন চেম্বারের পরিচালক শ্যামা হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালেকের সহধর্মিণী দিলারা মালিক এবং সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজী।


অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান করা হয়। তারা হলেন— সালেহা কবির শেপী, সুলতানা রহমান দিনা, জলি পুরকায়স্থ, মোছা. রিমা বেগম এবং বিলাতুন নেছা।
এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী নেত্রী ও অতিথিরা উপস্থিত ছিলেন। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল