
(৬ মাস আগে) ৯ মার্চ ২০২৬, সোমবার, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৬ অপরাহ্ন
কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে ইলেকট্রিক ল্যাম্প পোস্টের খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান এবং ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চর এলাকার উমেদ আলী।
ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘোগাদহ বাজার এলাকায় ইলেকট্রিক ল্যাম্প পোস্টের খুঁটি স্থাপনের সময় অসাবধানতাবশত খুঁটিটি পাশ দিয়ে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ করলে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।