
(১ মাস আগে) ৯ মার্চ ২০২৬, সোমবার, ১১:৫০ অপরাহ্ন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্যারিসে “নারীকথা” শীর্ষক এক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)। শনিবার (৭ মার্চ) প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর সংলগ্ন ‘বুজ দ্যু থাবাই’ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্যারিস–এস্ত ক্রেতেই বিশ্ববিদ্যালয় (প্যারিস–১২) এর এইআই ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন ভাইস ডিন ও স্টাডিজ পরিচালক মারসেলা হেন্ডারসন-পিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্যারিসের যুব কাউন্সিলর ও সাফ প্রেসিডেন্ট, লেখক নয়ন এনকে। সংবর্ধিত অতিথি ছিলেন সংস্কৃতিজন হাসনাত জাহান ও নীলুফার জাহান।
সাফ কর্মকর্তা তাওহিদ আহমেদ, তাসনিয়া আনজুম ও রুমন আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন ডা. জাহরিন নূপুর, ফারজানা আলম, শাহনাজ আক্তার ও বিদ্যুৎ মোরশেদ। কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী মুনির কাদের। শুরুতে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন জয়িতা বড়ুয়া, নবকুমার বড়ুয়া ও নবনীতা বড়ুয়া।
অনুষ্ঠানের প্রথম পর্বে “পিতামাতার সহায়তা এবং শিশু সুরক্ষা: পুনর্বিবেচনামূলক অনুশীলন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নীলুফার জাহান ও হাসনাত জাহানকে “সাফ নারী সম্মাননা” প্রদান করা হয়। এ সময় তাঁদের জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, সমাজ ও জাতির উন্নয়নে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।