
(২ মাস আগে) ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১:১৭ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির লন্ডনে যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার স্যার ক্রিস ব্রায়ান্ট এমপির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের ব্লু ইকোনমি খাতে বিনিয়োগের সম্ভাবনা উন্মোচন, ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও বিস্তৃত করা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় উভয় পক্ষ চলতি মাসের শেষ দিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হন।
এদিকে যুক্তরাজ্যে বাংলাদেশের বাণিজ্য দূত ডনকাস্টারের ব্যারোনেস রোজি উইন্টারটন ডিবিই লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বিমান চলাচল খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রতিনিধি দলটি পৃথকভাবে আরও দুটি বৈঠক করে।
এছাড়া ২০২৭–২০৩৬ মেয়াদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক পদে যুক্তরাজ্যের প্রার্থী অধ্যাপক ড্যাপো আকান্দে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করে তার প্রার্থিতা তুলে ধরেন। এ সময় উভয় পক্ষ বিভিন্ন বহুপাক্ষিক ফোরাম ও আন্তঃসরকারি নির্বাচনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক অঙ্গনে এই অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।