
(৩ বছর আগে) ১৯ অক্টোবর ২০২২, বুধবার, ২:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫০ অপরাহ্ন
পাবনা: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের মূল যন্ত্র রিঅ্যাক্টর প্রেসার ভেসল (পারমাণবিক চুল্লিপাত্র) স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের সবচেয়ে বড় ও প্রত্যাশিত প্রকল্প নির্মাণে সহযোগিতা করায় পাবনা ও ঈশ্বরদীবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের ক্ষেত্রে যারা অনবরত কাজ করে যাচ্ছেন, তাদের ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমার পাবনা ও ঈশ্বরদীর জনগণকে। কারণ তাদের কাছ থেকেও আমরা সহযোগিতা পেয়েছি। একটা প্রকল্প করতে গেলে কিছু বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু এখানে সেটা হয়নি। এছাড়া এটা দীর্ঘ দিনের একটা বিষয় ছিল, যা তাদের (পাবনাবাসী) জন্য গর্বের বিষয় বলে আমি মনে করি।
বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক চুল্লি স্থাপন উদ্বোধন এ ধন্যবাদ জানান তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. সৌকত আকবর, প্রকল্পের ঠিকাদার রাশিয়ার রাষ্ট্রয়াত্ত্ব কোম্পানি রোসাটমের অন্যতম প্রধান নির্বাহী এলেক্সে লিখাচেভ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. আজিজুল, স্থানীয় এমপি নুরুজ্জামান বিশ্বাস, সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, সংরক্ষিত সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলিসহ রাশিয়ান বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।