
(৭ মাস আগে) ১১ মার্চ ২০২৬, বুধবার, ৬:৪৪ অপরাহ্ন
কিশোরগঞ্জের ভৈরবে মাপে কম জ্বালানি দেওয়ার অভিযোগে মেসার্স মিন্টু মিয়া ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে স্থানীয় প্রশাসন ও বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের যৌথ অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ওই ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ডিসপেনসিং ইউনিট পরীক্ষা করে দেখা যায়, প্রতি ১০ লিটারে প্রায় ৫০ মিলিলিটার জ্বালানি কম দেওয়া হচ্ছে। পরে এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল।
অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) এএফএম হাসিবুল হাসান, পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে এবং ভৈরব থানা পুলিশের সদস্যরা।