banglahour

চুয়াডাঙ্গায় নষ্ট মিষ্টি ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি: ৫ ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৪ মাস আগে) ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৫:০৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ দই, নোংরা ও নষ্ট মিষ্টি এবং নিষিদ্ধ প্রসাধনী বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিচালিত তদারকি অভিযানে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।


জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রির দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারায় বসু সুইসের স্বত্বাধিকারী কার্তিক চন্দ্র বসুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া নিষিদ্ধ প্রসাধনী বিক্রির দায়ে একই আইনের ৪৫ ধারায় গিফট কর্নারের স্বত্বাধিকারী টিনা দেবীকে ২৫ হাজার টাকা, মেসার্স সওদাগর গিফট গার্ডেনের স্বত্বাধিকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে ২৫ হাজার টাকা, মা রোকেয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা এবং মামুন গিফট কর্নারের স্বত্বাধিকারী মাহফুজা খাতুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেল, পাইকারি ভোজ্য তেল ও মসলার দোকানেও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।


অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল